
গাজীপুরের টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগস কোম্পানির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। আগুন নেভানোর কাজে সহায়তা করতে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে নিজস্ব পানির ট্যাংক নিয়ে ঘটনাস্থলে পৌঁছান সেনাবাহিনীর সদস্যরা। পরে আগুন নিয়ন্ত্রণে সহায়তায় বিজিবিও যোগ দেয়।
গাজীপুর ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে আশপাশের বিভিন্ন স্টেশন থেকে আরও ১৮টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে মোট ২১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাহীন আলম জানান, কারখানার ভেতরে উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ, ধাতব যন্ত্রাংশসহ বিভিন্ন শিল্পসামগ্রী রয়েছে। আগুনে এসব মালামালের বড় ধরনের ক্ষতি হতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে জানা যাবে।
এর আগে, বুধবার সকাল সোয়া ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। আগুন পাশের ভবনেও ছড়িয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আগুনের কারণ, হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।